ইরানে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের লাগাম টানতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি যুদ্ধক্ষমতা সংক্রান্ত (War Powers) প্রস্তাব পাস হয়েছে। খবর আল জাজিরার
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি জুন মাসের শুরুর দিকে বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২১৫-২০৮ ভোটে পাস হয়েছিল। পরে অনুমোদনের জন্য সিনেটে যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ। চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন। একজন ডেমোক্র্যাট সিনেটর বিলের বিপক্ষে ছিলেন।
ভোটাভুটিতে বিলের পক্ষে অবস্থান নেওয়া রিপাবলিকান সিনেটরর হলেন— লুইজিয়ানার বিল ক্যাসিদি, আলাস্কার লিসা মুরকোওস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। দুই রিপাবলিকান সিনেটর কেন্টাকির মিচ ম্যাককনেল ও পেনসিলভেনিয়ার ডেভ ম্যাককরমিক ভোটদানে বিরত ছিলেন। পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
সিনেটে অনুমোদন পেলেও এ উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে, সেটা মনে করছেন না অনেক বিশ্লেষক। কারণ এতে ভেটো দিতে পারেন ট্রাম্প। তখন সেটা বাতিলের জন্য পার্লামেন্টের উভয় কক্ষে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে। তবুও এটি ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষনেতা চাক শুমার বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে দশমবারের মতো প্রচেষ্টা চালানো হলো। শেষমেশ যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব পাস হলো। বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে মার্কিন জনগণের জন্য সর্বোচ্চ পর্যায়ের বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও মূল্য চাপিয়ে দিয়েছেন তিনি।