দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩টি শিশুই ঢাকা বিভাগের এবং তারা প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে মারা গেছে (নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এই ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি)।

গত একদিনে নতুন করে আরও ১,০৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের এবং বাকি ৯১৬ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৫৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।