বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্লোগান, মিছিল-মিটিং এবং আনন্দ-ফুর্তি করার মধ্য দিয়ে একটি জাতি কখনো গড়ে উঠতে পারে না। একটি জাতি তখনই উন্নতির চরম শিখরে পোঁছাবে যখন সেখানে মেধা, দক্ষতা ও যোগ্যতার সমন্বয় ঘটবে।

রবিবার (২৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, উন্নত দেশগুলোর উচ্চশিক্ষাব্যবস্থা মূলত ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড। কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করার আগে নিশ্চিত করা হয় যে, ওই বিভাগের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ থাকবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।

তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশেষ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন, সি++ ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

জবি শিবির সভাপতি ও জকসু জিএস আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সেক্রেটারি ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এছাড়াও, প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. আবুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।