বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জীবনে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে অন্যায়ের সামনে মাথা নত করতে না হয়। শিরদাঁড়া উঁচু করে আদর্শ ও নৈতিকতার পথে অটল থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।

সোমবার (২৯ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের সময় নয়; বরং নিজেকে একজন দায়িত্বশীল, সাহসী ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়।

এ সময় তিনি শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে আদর্শ ও বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থানের উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি শরীফ ওসমান বিন হাদীর প্রসঙ্গ উল্লেখ করে নতুন প্রজন্মকে অন্যায়ের কাছে মাথা নত না করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তি জীবনে এমন চরিত্র গড়ে তুলতে হবে যাতে সত্যের পক্ষে দাঁড়াতে ভয় না লাগে এবং কোনো চাপের মুখে আদর্শ থেকে বিচ্যুত হতে না হয়।

নবীনদের উদ্দেশে সিবগাতুল্লাহ বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির যুগে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের করের অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিভিন্ন অতিথি ও সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, অর্থসহ কুরআন, বই, কলম, ছাত্রশিবিরের পরিচিতিমূলক বুকলেটসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।