আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে নির্বাচনী গণসংযোগটি শুরু হয়। পরে শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম এলাকা মজমপুর রেলগেটসহ সংলগ্ন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগকালে মেয়র প্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, "কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পৌরসভার বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার গঠনে আমরা কাজ করে যেতে চাই।" এ সময় তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ এনামুল হক, কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।