বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বাস্তবায়নাধীন 'নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)' শীর্ষক প্রকল্পের আওতায় ইতোমধ্যে ব্রি ধান-১১৬, ব্রি ধান-১১৭ এবং ব্রি হাইব্রিড ধান-১০-এই তিনটি নতুন উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় উৎপাদন বৃদ্ধিতে এসব জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৭ জুন) ব্রি মিলনায়তনে আয়োজিত 'প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ২০২৫-২৬ ও কর্মপরিকল্পনা ২০২৬-২৭' শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) ও ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আফসারী খানম। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. রাশিদা ফেরদৌস এনডিসি। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মির্জা আশফাকুর রহমান, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ব্রির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আনোয়ার হোসেন। তিনি জানান, প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে নতুন করে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তি গ্রাম, প্রদর্শনী প্লট, কৃষক প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং গবেষণা-সম্প্রসারণ কার্যক্রম জোরদারের মাধ্যমে কৃষকের কাছে নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. রাশিদা ফেরদৌস বলেন, এলএসটিডি প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি ও নতুন ধানের জাত মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ করা গেলে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে। তিনি প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আফসারী খানম বলেন, এলএসটিডি প্রকল্প গবেষণা অবকাঠামো উন্নয়ন, স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন এবং কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি প্রকল্পের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় ব্রির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও স্যাটেলাইট স্টেশনের বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।