নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
তিনি বলেন, নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসেনর সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে জামায়াত কোনো ধরনের ব্যত্যয়কে প্রশ্রয় দেয় না। সাংগঠনিক বিধি-বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন দায়িত্বপ্রাপ্ত আজিজুর রহমান দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংগঠনিক অভিজ্ঞতা ও কার্যক্রমের ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে উপজেলা আমীরের দায়িত্ব দেওয়া হয়েছে।