জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নে পেশাজীবীদের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিশেষ সভার আয়োজন করেছে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ (এএফবি)।

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) থ্রিডি হলে “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও স্মৃতি নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, শহীদ সাফওয়ান আকতার সরদারের সম্মানিত পিতা কৃষিবিদ ড. আক্তারুজ্জামান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসিনুর রহমান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত থাকবেন।

আয়োজক সংগঠন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পেশাজীবীদের যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে, তা এই আলোচনার মাধ্যমে আরও সুসংহত হবে। অনুষ্ঠানটিতে দেশপ্রেমিক নাগরিক ও পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচিটি সফল করার আহ্বান জানানো হয়েছে।