বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জুলাই (বুধবার) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসা শেষে গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরবর্তীতে শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য মঙ্গলবার (৩০ জুন) তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান বলেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে শিমুল বিশ্বাসের কথা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম খানের বিশ্রাম প্রয়োজন। সে কারণে আপাতত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নজরুল ইসলাম খানের চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।