আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আটটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অঞ্চলগুলো হলো—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেশি হতে পারে। বর্তমানে ঢাকার তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস, তবে আর্দ্রতা ৬৫% হওয়ার কারণে এটি ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা প্রায় ৩৭° সেলসিয়াসে পৌঁছাতে পারে।