রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে রিভার পুলিশ।
রোববার (১৪ জুন) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, দীপ মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।
তার সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার পারিবারিক মনোমালিন্যের পর তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে রোববার রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রিভার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে পাওয়া একটি পরিচয়পত্রের সূত্র ধরে প্রাথমিকভাবে নিহত ব্যক্তিকে দীপ মজুমদার হিসেবে শনাক্ত করা হয়।
রিভার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “নদীতে একটি মরদেহ ভাসছে—এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বন্ধুদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।