শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদানকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও আনন্দময় করতে বিদ্যমান শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। অন্যথায় উচ্চশিক্ষা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক ও কর্মনির্ভর কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও সৃজনশীলতাও অর্জন করবে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে ‘ওবিই’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে ওঠার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কারিকুলাম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।