জুলাইয়ের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড দমনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জাবি শাখা ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নানা ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপতৎপরতা মোকাবিলায় সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ এখনো পর্যাপ্ত নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত না হওয়ায় সংশ্লিষ্ট শক্তিগুলো পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাশকতাকারীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
এসময় জাবি শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। কিন্তু এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত মাত্রার দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত অনেক ব্যক্তি এখনো বিচারের মুখোমুখি হয়নি। কেউ কেউ জামিনে বেরিয়ে এসে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
জিয়া উদ্দিন আয়ান বলেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত রয়েছে। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।