চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে আগামীকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী ‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬: তারুণ্যের চোখে অর্থনীতি’ অনুষ্ঠিত হবে। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী মেলা আয়োজিত হচ্ছে।

বুধবার (১৭ জুন) বিশ্বিবদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এইসব তথ্য জানান বাজেট ফেস্টের আহ্বায়ক ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: মুফিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক মো: নোমান সিদ্দিক।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, সদ্য প্রস্তাবিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’এর কঠিন হিসাব-নিকাশ এবং সামষ্টিক অর্থনীতির জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করাই এই ইভেন্টের মূল লক্ষ্য। মেলায় বিভাগের ১০০ জন শিক্ষার্থী মোট ১০টি দলে বিভক্ত হয়ে সামষ্টিক অর্থনীতির ১০টি গুরুত্বপূর্ণ থিম যেমন: মুদ্রাস্ফীতি, ট্যাক্স-ভ্যাট, মেগা প্রজেক্ট, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও গ্রিন ইকোনমি ইত্যাদি নিয়ে করপোরেট স্টাইলে অংশগ্রহণ করবেন। মেলা প্রাঙ্গণে দর্শকদের জন্য বাজেট সচেতনতামূলক বিভিন্ন কুইজ ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইদ বিন কামাল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডিরেক্টর মো: ইউসুফ ও মো. সোহাগ মিয়া।

বিচারকদের মূল্যায়ন এবং দর্শকদের সরাসরি ভোটের ভিত্তিতে বিজয়ী দলকে ‘People's Choice Award’ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো: আবু বকর সিদ্দিক।