ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, 'কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর।'

শনিবার (২৫ জুলাই) ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিসি বলেন, গণিত কেবল একটি একাডেমিক বিষয় নয়, বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, তথ্য নিরাপত্তা, সাইবার সিকিউরিটি, মহাকাশ গবেষণা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ, চিকিৎসাবিজ্ঞান ও প্রকৌশলের জটিল সমস্যার সমাধানে গণিতের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, ডুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে সবসময় উৎসাহিত করে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে দেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সকালে শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, গণিতই বিজ্ঞানের ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির ভিত্তি গড়ে উঠেছে গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তার ওপর। শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আজমল হোসেন, ডুয়েট ম্যাথ ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। ম্যাথ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আবদুল ওয়াদুদ রতন এবং সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কার্নিভালে দেশের প্রায় ১৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং ম্যাথ গেমসে অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।