গাজীপুরের বহুল প্রতীক্ষিত জয়দেবপুর-পুবাইল সড়ককে আধুনিক ও ৬০ ফুট প্রশস্ত নগর সড়কে রূপান্তরের কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পেয়েছে। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের দুই অংশে উন্নয়নকাজ ধাপে ধাপে বাস্তবায়ন করছে গাজীপুর সিটি কর্পোরেশন। এর মধ্যে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত নতুন করে ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশে আগে ২০ ফুট প্রশস্ত করে নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এবার ওই অংশটিও ৬০ ফুটে উন্নীত করতে ভূমি অধিগ্রহণের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

শনিবার (১৮ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত ৫ কিলোমিটারের বেশি সড়ক ৬০ ফুট প্রশস্ত করে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি কর্পোরেশনের 'বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উন্নয়নকাজ পরিচালনা করছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং নির্মাণকাজ করছে কেই-বি অ্যান্ড সি (জেভি)।

প্রকল্প পরিচালক মোঃ লেহাজ উদ্দিন জানান, প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ জয়দেবপুর-পূবাইল সড়ককে দুই ধাপে উন্নয়ন করা হচ্ছে। ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের বেশি অংশে আগে কোনো উন্নয়ন কাজ হয়নি। ওই অংশের ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় এখন সরাসরি ৬০ ফুট প্রশস্ত সড়ক, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণকাজ শুরু হয়েছে।

অন্যদিকে জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের বেশি অংশে ইতোমধ্যে ২০ ফুট প্রশস্ত করে উন্নয়নকাজ প্রায় শেষ হয়েছে। এখন এই অংশকে পরিকল্পনা অনুযায়ী ৬০ ফুটে উন্নীত করতে আরও ৪০ ফুট সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, 'জয়দেবপুর-পুবাইল সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসী একটি আধুনিক, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা পাবে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে গাজীপুর সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, গুণগত মান ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।'

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা বলেন, জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশের ৬০ ফুট প্রশস্তকরণের জন্য ভূমি অধিগ্রহণের প্রশাসনিক কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে ৮ ধারার নোটিশ জারি করা হবে। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জমি অধিগ্রহণ শেষ করা হবে, যাতে বিদ্যমান ২০ ফুট প্রশস্ত সড়ককে পরিকল্পনা অনুযায়ী ৬০ ফুটে সম্প্রসারণের কাজ শুরু করা যায়। তিনি আরও জানান, ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত অংশের ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় সেখানে পূর্ণাঙ্গ উন্নয়নকাজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, 'এই সড়ক শুধু একটি যোগাযোগপথ নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও শিল্পোন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।'

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, 'নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার এই প্রকল্পটি সর্বোচ্চ মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে। উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে টেকসই সড়ক, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে কঠোর তদারকি নিশ্চিত করা হবে।'

তিনি আরও বলেন, 'জয়দেবপুর থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশের ২০ ফুট প্রশস্ত সড়কের উন্নয়নকাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন সেটিকে পরিকল্পনা অনুযায়ী ৬০ ফুটে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ক্ষতিপূরণের অর্থও জমা দেওয়া হয়েছে। ৮ ধারার নোটিশ জারির পর অবশিষ্ট ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে আরও ৪০ ফুট সম্প্রসারণের কাজ শুরু হবে। একই সঙ্গে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত অংশে সরাসরি ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে।'

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুন উর রশিদ, আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ পূবাইল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা বলেন, পুরো প্রায় ১১ কিলোমিটার সড়ক ৬০ ফুট প্রশস্ত হয়ে গেলে পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ, ঘোড়াশাল এবং আশপাশের কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও দ্রুত হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সড়ক গাজীপুরের উন্নয়নের অন্যতম প্রধান করিডোরে পরিণত হবে।