রাজধানীর মিরপুর ও আশপাশের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ সোমবার ক্ষতিগ্রস্ত এলাকাবাসিকে সেলিম উদ্দিন বলেন, আমরা যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করছি, এটি কোনো ত্রাণ নয়; এটি আমাদের ভাই-বোনদের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধের উপহার।

এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে বলেন, রাজধানীবাসী জানতে চায়, ঢাকা কবে জলাবদ্ধতামুক্ত হবে। সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হচ্ছে, আর কেন এখনো নগরকে পরিচ্ছন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না... এসব প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।

তিনি বলেন, জামায়াত দায়িত্ব পেলে রাজধানীর খাল, জলাশয় ও প্রাকৃতিক জলাধার দখলমুক্ত করা হবে। আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আগামীতে রাজধানী ঢাকা আর জলাবদ্ধতায় পানিবন্দি থাকবে না; উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর মতো একটি বাসযোগ্য, নিরাপদ ও মানবিক ঢাকা গড়ে তোলা হবে।

সেলিম উদ্দিন বলেন, আগামী দিনের জন্য সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচন করতে হবে। একটি মানবিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা কথার রাজনীতি করি না, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

তিনি আরও বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আধুনিক চিন্তা ও পরিকল্পনার মাধ্যমে একটি নিরাপদ, টেকসই ও উন্নত ঢাকা গড়ে তোলা সম্ভব।

সেলিম উদ্দিন জানান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় ঢাকার প্রতিটি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।