ঢাকাস্থ কুষ্টিয়াবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে স্কলার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কুষ্টিয়াবাসী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজধানীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি, দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। রাজধানীতে অবস্থানরত কুষ্টিয়াবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন ছিল আধিপত্যবাদ থেকে মুক্তির আন্দোলন এবং ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে গণমানুষের সংগ্রাম। ২৪-এর অভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়ের প্রতীক। তাই জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি দেশপ্রেম, নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় উন্নয়নে মেধাবী ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রবাসী ও রাজধানীতে বসবাসরত কুষ্টিয়াবাসীদের নিজ জেলার শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
অ্যাডভোকেট রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্স ফোরামের সভাপতি খ. ম. কবিরুল ইসলাম, সিনিয়র সচিব (পিআরএল) ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুষ্টিয়াবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক বন্ধন ও মেধাভিত্তিক ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আগামী দিনেও মানবিক, শিক্ষামূলক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্কলার্স ফোরামের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক অধ্যাপক তহুর আহমেদ হেলালী।
তিনি কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং আল্লাহভীতির ভিত্তিতেই একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি উপস্থিত সকলকে কুরআনের শিক্ষা ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদার্দ ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেল প্রফেসর মোহাম্মদ মনজুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক রাশেদুজ্জামান, এবং অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কুষ্টিয়াবাসীর ঐক্য, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবকল্যাণমূলক উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে দেশীয় গ্রীষ্মকালীন বিভিন্ন ফল পরিবেশন করা হয় এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা ও কুশল বিনিময়ে অংশ নেন। প্রাণবন্ত এই মিলনমেলায় রাজধানীতে বসবাসরত কুষ্টিয়াবাসীর বিভিন্ন প্রজন্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।